
নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে ভোররাতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক স্থানে প্রধান সড়কে গাছ ফেলে এ ঘটনা ঘটানো হয়। একই সময়ে উপজেলার বৈলছড়ি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কালীপুর ইউনিয়নের প্রধান সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। খবর পেয়ে সকাল ছয়টার দিকে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে নেয়। একই সময়ে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকাতেও সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে ওই সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে একই সময় বৈলছড়ি ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরের দেয়ালের পাশে জমে থাকা পাতার স্তূপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পৃথক দুটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। গাছগুলো কেটে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছগুলো অপসারণ করেন। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের শাখাটিও তিনি পরিদর্শন করেছেন।
ঘটনাগুলোর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা যায়।