
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বাঁশখালী থানা-পুলিশ। বৃহস্পতিবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈলছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক (৪৫)। তিনি উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে। অপরজন যুবলীগ নেতা বেলাল উদ্দিন (৩৫)। তিনি বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বেলগাঁও চুম্মাপাড়া এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এনামুল হককে বাঁশখালী থানার চলতি বছরের ১৫ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ২০ নম্বর মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বেলাল উদ্দিনকে চলতি বছরের ২৫ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ৩৮ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দুটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।