
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে ঝরে পড়া রোধ ও মাধ্যমিক শিক্ষায় প্রান্তিক ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং ৪২ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘ব্যাক টু স্কুল: রিমুভিং ব্যারিয়ার্স টু সেকেন্ডারি এডুকেশন ফর ভালনারেবল চিলড্রেন অ্যান্ড গার্লস ইন রুরাল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামিক রিলিফ নেদারল্যান্ডসের অর্থায়নে কারামা সলিডারিটি ইন বাংলাদেশ এবং সোশ্যাল এইড বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, কারামা সলিডারিটি ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালট্যান্ট ইসহাক এম সোহেল, সোশ্যাল এইড বাংলাদেশের চেয়ারম্যান প্রসূন কান্তি বড়ুয়া এবং নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারামা সলিডারিটি ইন বাংলাদেশের জেলা সমন্বয়কারী এম নাছির উদ্দিন।
আয়োজক সূত্রে জানা যায়, বাঁশখালীর সন্তান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়ার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ ও প্রান্তিক পরিবারের অনেক শিক্ষার্থী যাতায়াত ব্যয়, শিক্ষা উপকরণের অভাবসহ নানা প্রতিবন্ধকতার কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। বিশেষ করে দূরবর্তী এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার কমাতে সহায়ক হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ে ভর্তি করানোই যথেষ্ট নয়; বরং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থাও নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে কারামা সলিডারিটি ইন বাংলাদেশ ও সোশ্যাল এইড বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।