
সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শীলকূপ সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লয়ন শেখর দত্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নূরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শীলকূপের সাবেক চেয়ারম্যান মো. মহসিন।
এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শুভ সুশীল, ভূপাল বড়ুয়া, সমাজসেবক এনামুল হক ও ইউপি সদস্য মিজান সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য ও সামাজিক শক্তির অন্যতম ভিত্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উৎসব কেবল একটি সম্প্রদায়ের আনন্দের উপলক্ষ নয়; বরং তা পারস্পরিক সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।