
বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে বাংলাদেশের কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছেছে অত্যাধুনিক বিশালাকৃতির গ্যাসবাহী জাহাজ ‘লাইলা পাথফাইন্ডার’ (Lyla Pathfinder)। জাহাজটি থেকে বাংলাদেশের জন্য নির্ধারিত স্থানান্তরের (শিপ-টু-শিপ অপারেশন) কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর কৃতিসন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ।
গত ৩ নভেম্বর জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছায়। ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাহাজ থেকে বাংলাদেশের জন্য নির্ধারিত এলপিজি স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পরে অবশিষ্ট এলপিজি নিয়ে গত মধ্যরাতে ভারতের উদ্দেশে যাত্রা করে জাহাজটি।
ক্যাপ্টেন নূর মোহাম্মদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘লাইলা পাথফাইন্ডার’ একটি নতুন নির্মিত ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার (ভিএলজিসি)। ২০২৬ সালের ৭ আগস্ট জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাকাইড শিপইয়ার্ড থেকে জাহাজটি হস্তান্তর করা হয়। প্রথম সমুদ্রযাত্রায় খালি অবস্থায় জাপান থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে ৫০ হাজার মেট্রিক টন এলপিজি বোঝাই করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় জাহাজটি। বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান এনওয়াইকে (NYK) শিপ ম্যানেজমেন্টের পরিচালনাধীন জাহাজটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও উন্নত নিরাপত্তাব্যবস্থা।
নতুন জাহাজটির নিরাপদ এলপিজি স্থানান্তর কার্যক্রমের জন্য কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছানোর পরপরই ক্যাপ্টেন নূর মোহাম্মদ জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদের স্বাগত জানান এবং শিপ-টু-শিপ অপারেশন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নিরাপত্তাবিষয়ক ব্রিফিং দেন। নতুন জাহাজের গায়ে কোনো ধরনের আঁচড় বা ক্ষতি ছাড়াই এ ধরনের অপারেশন সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের প্রয়োজন হয় বলে জানান তিনি।
ক্যাপ্টেন নূর মোহাম্মদ আরও জানান, গত তিন মাসের মধ্যে এ ধরনের দুটি নতুন এলপিজিবাহী ট্যাংকার বাংলাদেশে এসেছে। সৌভাগ্যক্রমে দুটি জাহাজ থেকেই এলপিজি স্থানান্তর কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছেন তিনি।
নিজের পেশাগত জীবনের এই অভিজ্ঞতাকে ছোট ছোট অর্জন হিসেবে উল্লেখ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্যাপ্টেন নূর মোহাম্মদ। তাঁর এ সাফল্যে বাঁশখালীর মানুষের মধ্যেও গর্ব ও আনন্দের অনুভূতি তৈরি হয়েছে।