শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গর্তে ভরা বাঁশখালী প্রধানসড়ক, ভোগান্তিতে যাত্রী-চালক বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রামীণ ব্যাংকের শাখার বাইরে আগুন বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার বাঁশখালীতে ৪০০ ছাত্রী পেল শিক্ষা উপকরণ, ৪২ জনকে বাইসাইকেল বিতরণ বাঁশখালীতে বসতবাড়ি থেকে ৮ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, বনে অবমুক্ত বাঁশখালীর ছনুয়ায় বন্যাদুর্গত ৩০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল গ্রীন হীল বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গণ্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী জলবায়ু পরিবর্তনে শিক্ষার চ্যালেঞ্জ দেখতে বাঁশখালীতে ইউনিসেফের প্রতিনিধি দল

গর্তে ভরা বাঁশখালী প্রধানসড়ক, ভোগান্তিতে যাত্রী-চালক

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-কক্সবাজার (পিএবি) আঞ্চলিক সড়কের বাঁশখালী অংশজুড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও উঠে গেছে সড়কের পিচঢালাই, কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। বৃষ্টির পানি জমে এসব গর্ত আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো যাত্রী ও যানবাহন চালককে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনের লেন পরিবর্তন ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে বাড়ছে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা।

চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, লোকাল ও দূরপাল্লার বাস, ট্রাক, ডাম্পারসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যানবাহনের চাপ ক্রমাগত বাড়লেও সড়কের প্রশস্ততা ও অবকাঠামোগত উন্নয়ন সে তুলনায় হয়নি। দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে বেহাল অবস্থা তৈরি হয়েছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা যায়, বাঁশখালী অংশের বিভিন্ন স্থানে সড়কের পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে ইট ও খোয়া। কোথাও ছোট, আবার কোথাও বড় ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে পড়ে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চালকদের স্বাভাবিক গতিতে গাড়ি চালানোও কঠিন হয়ে পড়েছে। ফলে যাতায়াতে সময় বাড়ার পাশাপাশি বাড়ছে যানবাহন মেরামতের খরচ।

নতুন ব্রিজ থেকে এই সড়কে নিয়মিত চলাচলকারী কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাচালক জানান, নতুন ব্রিজ থেকে আনোয়ারা ও বাঁশখালী হয়ে বদরখালী পর্যন্ত প্রতিদিন বিপুলসংখ্যক অটোরিকশা চলাচল করে। শুধু বাঁশখালী অংশেই কয়েক হাজার অটোরিকশা নিয়মিত যাতায়াত করে। তাঁদের অভিযোগ, ভাঙাচোরা সড়কে গাড়ি চালানোর কারণে প্রায়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তন করতে হচ্ছে।

একাধিক চালক বলেন, ‘প্রতিদিন দুই থেকে তিনবার এই সড়কে যাতায়াত করতে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে মাসে এক থেকে দুইবার গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মেরামত বা পরিবর্তন করতে হচ্ছে। আমাদের অনেকেই গাড়ির মালিক নই, ভাড়ায় চালাই। প্রতিদিন আয় থেকে ৫০০ টাকা মালিককে দিতে হয়। এর বাইরে গ্যাসের খরচ ও গাড়ি মেরামতের ব্যয় রয়েছে। সব মিলিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা থাকলেও কার্যকর সংস্কার চোখে পড়ছে না।’

এ সড়ক দিয়ে মগনামা ঘাটে চলাচল করে এস আলম পরিবহনের বাস। পাশাপাশি ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাসসহ বিভিন্ন দূরপাল্লার যানবাহনও চলাচল করে। চালকদের অভিযোগ, ভাঙাচোরা সড়কে নিয়মিত চলাচলের কারণে বাসের বিভিন্ন যন্ত্রাংশ ও বডি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে হঠাৎ গর্ত পড়লে তা এড়িয়ে যেতে অনেক সময় বিপরীত লেনে যেতে হয়। এ সময় বিপরীত দিক থেকে বাস, ট্রাক, ডাম্পার কিংবা অন্য যানবাহন এলে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

দ্রুতগতির বাস ও ওভারটেকিংয়ে আতঙ্কে যাত্রীরাঃ সড়কের বেহাল অবস্থার পাশাপাশি দূরপাল্লার বাসের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং যাত্রীদের উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় যানবাহনের পাশাপাশি দূরপাল্লার বাস ও ভারী যানবাহন চলাচল করায় সরু সড়কে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

নিয়মিত এই পথে যাতায়াতকারী সাকিবুল ইসলাম বলেন, ‘সড়কে বাসগুলো অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করে। আগে যাওয়ার প্রতিযোগিতায় একটি বাস অন্যটিকে ঝুঁকিপূর্ণভাবে অতিক্রম করে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হয়। চালকদের এমন অসুস্থ প্রতিযোগিতা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে কার্যকর নজরদারি প্রয়োজন।’

আরেক যাত্রী রহিম উল্লাহ বলেন, ‘এই সড়কে চলাচলের সময় সব সময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়। সড়কটি সরু হওয়ায় দুটি বড় যানবাহন পাশাপাশি চলাচলের সময় ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে বাসগুলো ওভারটেক করতে গেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। সড়কের কয়েকটি স্থানে অস্থায়ী বাসস্টেশন গড়ে ওঠায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক প্রশস্ত করার পাশাপাশি যানবাহনের গতিও নিয়ন্ত্রণ করতে হবে।’

স্থানীয়দের অভিযোগ, ধীরগতির যানবাহনকে অতিক্রম করতে গিয়ে দূরপাল্লার বাস প্রায়ই বিপরীত লেনে চলে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে ট্রাক বা ডাম্পার এলে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। খানাখন্দের কারণে চালকেরা স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারায় একদিকে যেমন যাতায়াতে সময় বেশি লাগছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্পিড ব্রেকারেও বাড়তি ঝুঁকিঃ সড়কের বিভিন্ন স্থানে নির্মিত গতিরোধক নিয়েও আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা। তাঁদের দাবি, অনেক গতিরোধক প্রয়োজনের তুলনায় বেশি উঁচু। কোথাও পর্যাপ্ত রং, প্রতিফলক বা সতর্কতামূলক চিহ্ন নেই। বিশেষ করে রাতে দূর থেকে গতিরোধক শনাক্ত করতে না পেরে দ্রুতগতির যানবাহন হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

স্থানীয় বাসিন্দাদের মতে, গতিরোধকগুলো নিয়ম অনুযায়ী সংস্কার, দৃশ্যমান রং ও প্রতিফলক স্থাপন এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সংকেত দেওয়া জরুরি। একই সঙ্গে সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সড়কের খানাখন্দ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি সড়কের সক্ষমতা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে কার্যকর পদক্ষেপ, প্রয়োজনীয় স্থানে সড়ক প্রশস্তকরণ এবং গতিরোধকগুলো মানসম্মতভাবে নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘বাঁশখালীর প্রধান সড়কের খানাখন্দ সংস্কার ও ভরাটের জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সড়কের দক্ষিণাঞ্চলে সংস্কারকাজ শুরুও হয়েছিল। তবে বিটুমিনসংক্রান্ত সমস্যার কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছিলেন। বিষয়টি আমি আবারও সংশ্লিষ্টদের জানাব, যাতে দ্রুত কাজ শুরু ও শেষ করা হয়। আশা করছি, শিগগিরই সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews