
শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার (১৮ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দুর্গোৎসবের ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকার কাজ করছে। সব সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। পূজাকে উৎসবে পরিণত করতে সরকার আর্থিক সহযোগিতাও বাড়িয়েছে।
তিনি আরও বলেন, ‘সনাতন সম্প্রদায়ের পাশে সরকার রয়েছে। আমরাও প্রশাসনের পক্ষ থেকে উৎসব সফল করতে কাজ করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই উৎসব উদ্যাপন করব। সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোও একসঙ্গে মোকাবিলা করব।’
জেলা প্রশাসক বলেন, বিশ্বকে আমরা জানাতে চাই, এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সবাই মিলেমিশে উৎসব উদ্যাপন করে। এ দেশ সবার–সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে।
জেলা প্রশাসক প্রথমে পশ্চিম চাম্বল বাংলা বাজার সার্বজনীন বুড়া কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ, সাধনপুর পল্লীমঙ্গল সমিতি পূজামণ্ডপ এবং বাণীগ্রাম জগন্নাথধাম সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেন।
প্রথমে পশ্চিম চাম্বল বাংলা বাজার সার্বজনীন বুড়া কালী মন্দির পূজামণ্ডপের সভাপতি গুরুধন দাসের হাতে ২০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজিদুর রহমান তন্ময়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন শেখর দত্ত এবং চাম্বল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদ উল্লাহসহ স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা।