
তৌহিদ -উল বারী::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের দাশপাড়া এলাকার নিখোঁজ অমল দাশের সন্ধান পাওয়া গেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম বড়ঘোনা এলাকার সকাল বাজার থেকে তাঁর সন্ধান মেলে। বিষয়টি তাঁর পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
জানা গেছে, পারিবারিক মনোমালিন্যের জেরে গত দুই থেকে তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে যান অমল দাশ। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেন। এমন পরিস্থিতিতে তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়। পরে বাঁশখালী সংলাপে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদ প্রকাশের পর বুধবার সকালে পশ্চিম বড়ঘোনা সকাল বাজারে অমল দাশের সন্ধান পাওয়া যায়। এ সময় তাঁর কাছে থাকা এক ব্যবসায়ীর যোগাযোগ নম্বরে ফোন করলে তাঁকে স্ত্রীর মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন।
পরে অমল দাশের সন্ধান পাওয়া এবং তাঁর বাড়ি ফেরার বিষয়টি পরিবারের সদস্যরা নিশ্চিত করেন। তাঁর ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্বজনদের মধ্যে।