
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজিদুর রহমান তন্ময়, পৌরসভা জামায়াতের আমীর আবু তাহের এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ মাটি ও বালু উত্তোলন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের নৈরাজ্য প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সবাইকে নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক, ফায়ারসার্ভিস কর্মকর্তা মিযানুর রহমান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন মানিক, চেয়ারম্যান কে এম সালাহ উদ্দীন কামাল, আসহাব উদ্দীন, রেজাউল করিম ইউনুস, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, নুরুল আমীন ছানুবী, শামসুল আলম, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রানা এবং এনজিও প্রতিনিধি নজরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।