
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বালু ডাম্পিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ছয়টি পৃথক স্থান থেকে আনুমানিক ৫ হাজার ৫৫০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় আলমগীর (৪২) নামে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীলকূপ ইউনিয়নের পাঁচটি এবং চাম্বল ইউনিয়নের একটি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীনভাবে মজুত করা এসব বালু জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়েছে।
অভিযান চলাকালে আইনগত নির্দেশ অমান্য করার দায়ে শীলকূপ ইউনিয়নের বাসিন্দা আলমগীরকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদুর রহমান তন্ময় অভিযানটি পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, ‘অনুমোদনহীনভাবে বালু মজুত ও ডাম্পিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযানে সহযোগিতা করেন চাম্বল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সেলিম, শীলকূপ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান, গ্রাম পুলিশের সদস্যরা এবং বাঁশখালী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) হাক্কানি ও তাঁর দল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু মজুত ও ডাম্পিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।