
সংলাপ সংবাদদাতা::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি বাঁশখালীর চাম্বল, কাথারিয়া, বৈলছড়ি ও পৌরসভাসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে আছি এবং থাকব।’
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। অন্যায় যেখানে হবে, সেখানেই সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম মিনারসহ স্থানীয় নেতৃবৃন্দ।