
সংলাপ সংবাদদাতা::: ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন এবং নৈতিক ও উত্তম চরিত্র গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন ‘বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’-এর শিক্ষাসচিব মাওলানা কামাল উদ্দিন।
বুধবার সকাল ১১টায় মাদরাসার শিক্ষা ভবনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব দিকনির্দেশনা দেন।
আলোচনায় মাওলানা কামাল উদ্দিন নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার, পড়াশোনায় মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আদব-আখলাক, শিষ্টাচার, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র গঠনও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করার মানসিকতা অর্জন করতে হবে। নৈতিক শিক্ষা ও উত্তম আচরণের সমন্বয়েই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, পরীক্ষায় ভালো করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির ওপর নির্ভর না করে শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করতে হবে। সময়ের অপচয় পরিহার করে নির্ধারিত রুটিন অনুযায়ী পড়াশোনা করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।
আলোচনা সভায় মাদরাসার শিক্ষক মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আব্দুল আলিম, মাওলানা সালেম মাহদী, মুফতি মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা এজাজুল হক আসলাম, হাফেজ মাওলানা অলি হোসাইন, হাফেজ ফরহাদ, মাস্টার আব্দুর রহমান, মাস্টার সুলাইমান, মাস্টার নিজামুল হক ও মাস্টার রিয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দেওয়া দিকনির্দেশনা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক গুণাবলি ও উত্তম চরিত্র গঠনে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।