
নিজস্ব সংবাদদাতা::: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন করতে তিন সদস্যের বিচারক কমিটি গঠন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাঁশখালী উপজেলা শাখা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন শেখর দত্ত ও সাধারণ সম্পাদক সঞ্চয় চক্রবর্তীর অনুমোদনক্রমে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান বিচারক করা হয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেবকে।
কমিটির অন্য দুই সদস্য হলেন মাস্টার তপন ধর ও পরিষদের দপ্তর সম্পাদক বাবু অজয় সেন।
উপজেলার ৮৮টি পূজামণ্ডপের মধ্য থেকে ১ থেকে ১০টি সাত্ত্বিক পূজা নির্বাচন করবেন নবগঠিত কমিটির সদস্যরা। এ ক্ষেত্রে নিরপেক্ষতা, পূজার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাত্ত্বিকতার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে।
কমিটির প্রধান বিচারক অধ্যাপক বাবুল কান্তি দেব বলেন, ‘সাত্ত্বিক পূজার মূল লক্ষ্য হলো ধর্মীয় শুদ্ধতা, সংযম ও আধ্যাত্মিক ভাবধারাকে গুরুত্ব দেওয়া। আমরা নিরপেক্ষভাবে প্রতিটি পূজামণ্ডপের সাত্ত্বিকতার দিকগুলো মূল্যায়ন করে যোগ্য পূজামণ্ডপ নির্বাচন করার চেষ্টা করব। এ উদ্যোগ পূজার ধর্মীয় পরিবেশ ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।’
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সাত্ত্বিক পূজার চর্চাকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।