
শিব্বির আহমদ রানা::: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের বাঁশখালীতে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বাঁশখালী থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলার ৮৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মো. আরিফ হোসেন।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন শেখর দত্ত ও সাধারণ সম্পাদক সঞ্চয় চক্রবর্তীসহ অন্যান্য অতিথি। এ ছাড়া উপজেলার ৮৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে পুলিশ, পূজা উদ্যাপন পরিষদ ও মণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে সমন্বয়, পারস্পরিক যোগাযোগ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়।
এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার এবং জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বাঁশখালী থানার পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরসংবলিত একটি করে ফেস্টুন, একটি রেজিস্টার ও প্রয়োজনীয় নির্দেশনাসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও মণ্ডপ প্রতিনিধিরা দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন। পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাঁশখালীর ৮৮টি পূজামণ্ডপে নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।