
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যকেন্দ্রে আসা সেবাপ্রার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক ছরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডেঙ্গুর লক্ষণ, আক্রান্ত হলে করণীয়, এডিস মশার বংশবিস্তার রোধ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, পানির পাত্র ঢেকে রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বাঁশখালীতে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে নিজের ইচ্ছায় ওষুধ না খেয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শও দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট (গ্রিনহিল-ইউএনএফপিএ), বাঁশখালী, চট্টগ্রামের প্রোগ্রাম অফিসার সাহাব উদ্দীন, সিএইচসিপি গ্রুপের সভাপতি আনোয়ারুল আজিম মঈনুল, পরিবার কল্যাণ পরিদর্শিকা সোলতানা রাজিয়া মুন্নী এবং পরিবার কল্যাণ সহকারী হাসনা হুরাইন রিমা।
এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনগণকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার আহ্বান জানান।