
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রথমবারের মতো নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) সেবা চালু হয়েছে। গত শনিবার একটি এবং সোমবার একটি নর্মাল ডেরিভারী সম্পন্ন হয়। এতে কাথরিয়া ইউনিয়ন ও আশপাশের এলাকার প্রসূতি নারীদের স্থানীয় পর্যায়েই নিরাপদ প্রসবসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের পর স্থানীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরুজ্জীবিত করার উদ্যোগের অংশ হিসেবে কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া ও সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাতের নির্দেশনায় এ কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. শামীম আকতার ও স্থানীয় পরিদর্শক মুনির উদ্দিন চৌধুরী নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন, গর্ভবতী নারীদের সচেতনতা বৃদ্ধি এবং মা-সমাবেশের মাধ্যমে সেবাটি সম্পর্কে স্থানীয়দের উদ্বুদ্ধ করেন।
এর আগে কাথরিয়া ও আশপাশের এলাকার গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসবের জন্য দূরের স্বাস্থ্যকেন্দ্র বা বেসরকারি ক্লিনিকে যেতে হতো। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এ সেবা চালু হওয়ায় প্রসূতি নারীদের ভোগান্তি ও যাতায়াতের ঝুঁকি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জানান, কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা নিয়মিতভাবে চালু রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবা আরও জোরদার করার উদ্যোগ অব্যাহত থাকবে।