
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন–ছনুয়া ইউনিয়নের কাথেবপাড়া এলাকার আব্দুল হামিদ ওরফে মানিক (২০), বৈলছড়ী ইউনিয়নের মোহাম্মদ সেলিম (৩৫), বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার বাবুল ওরফে বাবলু শীল (২২), ছনুয়া ইউনিয়নের ছেলবন এলাকার নুর ইমাম শরীফ (২৪) এবং বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার সঞ্জীব রুদ্র (২৮)।
বাঁশখালী থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল ও পতাকা মিছিলের আয়োজন করে। এ ছাড়া সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এসব কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে থানা এলাকায় ব্যাপক পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘বাঁশখালী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’
গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাঁশখালী থানা পুলিশ আরও জানায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।