
নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির প্রচার ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল মুন্সিখীল এলাকায় চৌধুরী বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাম্বল বাজারে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এনসিপি বাঁশখালী উপজেলা শাখা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ছাত্রলীগ পরিচয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে মোহাম্মদ আলীকে রাজনৈতিক বিষয়ে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। ঘটনার দিন একটি নম্বর থেকে ফোন করে তাঁকে ছাত্রলীগের কাছে ক্ষমা চাওয়া এবং এনসিপি ছেড়ে ছাত্রলীগে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদ আলীর অভিযোগ, এর কিছুক্ষণ পরই অজ্ঞাতনামা ব্যক্তিরা রাতের আঁধারে তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন এবং তাঁকে রক্তাক্ত জখম করেন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় মো. আলী বুকে ও কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় রোববার রাতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ আলী। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রাকিব উল ইসলাম বলেন, ‘মো. আলীকে পূর্ব থেকেই বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে তাঁর ওপর অতর্কিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বলে আমাদের জানিয়েছেন।’
এদিকে এনসিপি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে প্রকাশিত বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে মোহাম্মদ আলীর ওপর হামলার প্রতিবাদ, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানানো হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’