
নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন মো. জাহাঙ্গীর (২৩) নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করেন। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহারঘোনা এলাকার আব্দু রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও শাশুড়ির সঙ্গে বিরোধের জেরে তিনি বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।
উদ্ধারের পর জাহাঙ্গীর দাবি করেন, তাঁর জমানো টাকা-পয়সা না দিয়ে তাঁকে মারধর করা হয়েছে এবং বুকে ছুরি মারার চেষ্টা করা হয়েছে। এ কারণে বাধ্য হয়ে তিনি বিদ্যুতের খুঁটিতে উঠে যান।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, পারিবারিক বিরোধের জেরে ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন বলে তাঁরা জানতে পেরেছেন। খবর পেয়ে বিকেল ৪টার দিকে তাঁকে উদ্ধার করা হয়। খুঁটিতে ওঠার সময় তাঁর সঙ্গে টেস্টার, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম ছিল। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং পারিবারিক বিরোধের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।