
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে আগামী ১০ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রা.) লিমিটেডের নতুন শাখা। জলদী পৌরসভা সংলগ্ন এলাকায় স্থাপিত এ শাখায় ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শাখা উদ্বোধন উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বিকেলে শেভরণের বাঁশখালী শাখা কার্যালয়ের দ্বিতীয় তলায় স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়। এতে শেভরণের আনোয়ারা-কেরানীহাট শাখার ম্যানেজিং পার্টনার ও বাঁশখালী শাখার ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন শেভরণ বাঁশখালী শাখার পার্টনার মো. আনিসুল আজম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আতিকুর রহমান ও মো. তারেক আজিজ।
ব্রিফিংয়ে মোশাররফ হোসেন বলেন, বাঁশখালীর মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা ও ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ১০ অক্টোবর থেকে শেভরণের কার্যক্রম শুরু হচ্ছে। উপজেলার অন্যান্য হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের সেবার প্রতি সম্মান রেখেই রোগীদের উন্নত ও মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা থাকবে।
তিনি বলেন, ‘মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসাসেবা পেতে বাঁশখালীর মানুষকে যেন অযথা শহরমুখী হতে না হয়, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা দেওয়ার পাশাপাশি স্কুল, কলেজ, মাদরাসা ও মন্দিরের শিক্ষক-কর্মকর্তাদের বিশেষ ছাড়ে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
শেভরণ কর্তৃপক্ষ জানায়, বাঁশখালী শাখায় বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারের পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি, ইকো-কার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, চক্ষু চিকিৎসা, ফিজিওথেরাপি, খতনা ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনিক্যাল সেবা দেওয়ার কথাও জানানো হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, শেভরণ বাংলাদেশে কম্পিউটারাইজড ক্লিনিক্যাল ল্যাবরেটরি সেবা চালুর ক্ষেত্রে পথিকৃৎ প্রতিষ্ঠানগুলোর একটি। নতুন শাখার মাধ্যমে বাঁশখালীর স্থানীয় বাসিন্দাদের আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ আরও সহজলভ্য হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হবে বলে জানানো হয়।