
নিজস্ব সংবাদদাতা::: জাতীয় যুব কাউন্সিলের সদস্য নির্বাচনের লক্ষ্যে গঠিত বাঁশখালী উপজেলা মনোনয়ন কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা যুববিভাগের সভাপতি মো. খোরশেদ আলী চৌধুরী। স্থানীয় সংসদ সদস্যের মনোনীত দুই ব্যক্তির একজন হিসেবে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী থেকে ২৮ সেপ্টেম্বর জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারকটি জাতীয় যুব কাউন্সিল (গঠন, কাঠামো, কর্মপদ্ধতি ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০২১-এর সংশোধনী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে।
স্মারক অনুযায়ী, উপজেলা মনোনয়ন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (বর্তমানে পদটি শূন্য) এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। কমিটিতে উপজেলা কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, মহিলা বিষয়ক ও সমবায় কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় সংসদ সদস্যের মনোনীত দুই ব্যক্তির মধ্যে মো. খোরশেদ আলী চৌধুরী ও কোহিনুর আখতারকে সদস্য করা হয়েছে।
খোরশেদ আলী চৌধুরী দক্ষিণ বাহারছড়া, ইলশা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জাকের আহমেদ চৌধুরী। তিনি দক্ষতার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা যুববিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত একজন এনজিও প্রতিনিধি ও একজন যুব সংগঠককেও সদস্য করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট স্মারকে বলা হয়েছে, বাঁশখালী উপজেলা থেকে জাতীয় যুব কাউন্সিলের সদস্য নির্বাচনের লক্ষ্যে এই মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিধিমালা অনুযায়ী সদস্য নির্বাচনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।