
বাঁশখালী সংলাপ ক্রিড়া ডেস্ক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বন্ধু মহলের উদ্যোগে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার রাতে পূর্ব বৈলছড়ি খান বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় বৈলছড়ি একাদশ ও সরল একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সরল একাদশকে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয় বৈলছড়ি একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। প্রধান বক্তা ছিলেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম বিন খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মো. শোয়েব এবং বৈলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা যুবদলের সংগঠক মো. হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদ ইসলাম আকিব।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রবিউল হক বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান বক্তা মো. ইব্রাহিম খলিল বলেন, গ্রামপর্যায়ে খেলাধুলার আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বাড়ায়। নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
খেলা উপভোগ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন।