
বাঁশখালী সংলাপ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। শনিবার মাস্টার নজির আহমদ কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মাস্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদেরের সভাপতিত্বে এবং কলোজের প্রভাষক মুফিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য এবং পুইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোছাইন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, হাজিগাঁও বরুমছড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল খালেক এবং চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. ওয়ালিউল্লাহ।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক তুষার কান্তি ভারতী। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানিয়া মাশকুরা, তাছকিয়াতুল জান্নাত, সাঈদাতুন নুর ইশমা, মো. রুকন ও আনাস বিন ফারুক।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আবদুল কাদের বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য নিজেকে ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে পরিবার, সমাজ ও দেশ তাদের নিয়ে গর্ববোধ করতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরিবার, সমাজ ও দেশের জন্য মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং মরহুম আলহাজ মাস্টার নজির আহমদ ও তাঁর পরিবারের মানবিক কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে হবে।
অনুষ্ঠানে ১৬১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৫৮ জনকে ট্রাস্টের পক্ষ থেকে দুই হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড ও কলেজের প্রকাশিত একটি ম্যাগাজিন উপহার দেওয়া হয়। ট্রাস্টের সদস্যসচিব আলহাজ মুজিবুর রহমান (সিআইপি) এসব পুরস্কার তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ৩শতাধিক অভিভাবক এবং ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরও সম্মাননা জানানো হয়।
এ সময় ট্রাস্টের সদস্যসচিব আলহাজ মুজিবুর রহমান (সিআইপি) ভবিষ্যতেও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।