
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় শীলকূপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় ইউনিয়নের ১ হাজার ৫৫২টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দ অনুযায়ী ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইউনুস, ইউনিয়ন জামায়াতের অফিস ও প্রশিক্ষণ সম্পাদক মো. রিয়াজুল হক তালুকদারসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। একজন প্রকৃত হতদরিদ্র মানুষও যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ভাগাভাগি করে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীলকূপ ইউনিয়নের জনগণের সেবায় আমি সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করায় উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
