
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) জলদী পৌরসভার মিয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি খুচরা বিক্রয়কেন্দ্র (রিটেইল দোকান) ও একটি ডিলার পয়েন্টে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে একটি ডিলার পয়েন্টকে ২০ হাজার টাকা এবং দুটি খুচরা বিক্রয়কেন্দ্রের প্রতিটিকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ২ হাজার ৬০ টাকা। গত ২ নভেম্বর রাত ৮টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমজিদুর রহমান তন্ময় বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের ভিত্তিতে মিয়ার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশাসনের পক্ষ থেকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ভোক্তাদেরও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।