
নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে লবণ মাঠের গর্তে ডুবে আদিলুর রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আদিলুর রহমান উপজেলার ছনুয়া ইউনিয়নের চেমটখালী ৯ নম্বর ওয়ার্ডের হাইচ্ছা বাপের বাড়ির আরব আমিরাত প্রবাসী নুর উদ্দিনের দ্বিতীয় সন্তান। সে স্থানীয় একটি নুরানী মাদরাসার প্রথম বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও নিহতের নানা সম্পর্কীয় আনিছুর রহমান জানান, জুমআর নামাজ শেষে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির অদূরে লবণ মাঠে ফুটবল খেলতে যায় আদিলুর রহমান। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে মাঠের একটি গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে লবণ মাঠের গর্ত থেকে আদিলকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে চাম্বলস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।