
সংলাপ সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। তিনি বলেন, ‘মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত পুলিশকে তথ্য দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।’
তিনি আরও বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের আস্থা অর্জন এবং নিরাপদ সমাজ গঠনে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভায় আরও বক্তব্য দেন বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহসিন, বর্তমান চেয়ারম্যান রাশেদ নুরী, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইউনুছ, সাবেক সদস্যসচিব হাজ্বী ইউনুছ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হোছাইন আহমদ কাশেমী ও বিএনপি নেতা জহির সওদাগর।
অনুষ্ঠানে ‘আপনার পুলিশ আপনার পাশে, সঠিক তথ্য দিন সেবা নিন’ এবং ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’–এই প্রতিপাদ্য সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।