
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলেও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শীলকূপ ইউনিয়নের টাইম বাজারের পশ্চিম পাশে একটি কৃষিজমিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সহযোগিতা করে বাঁশখালী থানা-পুলিশ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ধান কাটার পর ওই কৃষিজমি থেকে টপসয়েল কেটে বিক্রির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা দ্রুত এক্সক্যাভেটর সরিয়ে পালিয়ে যান। পরে আশপাশে তল্লাশি চালিয়ে পাশের একটি খালের পাড় থেকে এক্সক্যাভেটরটি জব্দ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এক পক্ষের অভিযোগ, তাদের মালিকানাধীন জমি জবরদখল করে অন্য পক্ষ চাষাবাদ করে আসছিল। ধান কাটার পর সুযোগ বুঝে জমির উর্বর মাটি কেটে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ফসলি জমির ওপরের উর্বর স্তর বা টপসয়েল কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাটি অপসারণ করা হলে জমির উৎপাদনক্ষমতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে পরিবেশ ও কৃষি ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
অভিযানে জব্দ করা এক্সক্যাভেটরটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ জরুরি।