
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ সালের পরিপত্র এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর ৩১ আগস্ট ২০২৫ সালের সংশোধনী অনুযায়ী প্রবিধান ৬৪ অনুসরণ করে কমিটিটি অনুমোদন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষা বোর্ড মনোনীত মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য বাবু সজল কান্তি সুশীল এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য মুহাম্মদ নবাব আলী খাঁ।
অফিস আদেশ অনুযায়ী, অনুমোদনের তারিখ থেকে ছয় মাস এডহক কমিটি দায়িত্ব পালন করবে। প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৫(২) অনুসারে কমিটি ম্যানেজিং কমিটির সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১২ এপ্রিল ২০১১ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।