
বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় বন বিভাগের পাঁচ কর্মী ও এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল শীলকূপ মৌজার করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের অভিযোগ, সরকারি বনভূমিতে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা, স্থানীয় মো. লেয়াকত আলী (৩৫) ও মো. নজরুল ইসলাম ওরফে কালুর (২৮) নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা, দা-কিরিচ ও ইটপাটকেল নিয়ে বনকর্মী ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
আহত ব্যক্তিরা হলেন ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫), সুভাষ চন্দ্র লস্কর (৪২), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫) ও শামসুল আলম (৪৫)। এ ঘটনায় পুলিশের একজন কনস্টেবলও আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সরকারি বনভূমি দখল করে বসতঘর নির্মাণে সহযোগিতা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় মো. কালু প্রায় সপ্তাহ আগে বন বিভাগের জমি দখল করে একটি বসতঘর নির্মাণ করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে মঙ্গলবার সকালে বন বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় বন কর্মকর্তাদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, ‘বন বিভাগের জায়গা দখল করে বসতঘর নির্মাণের খবর পেয়ে সকালে বন বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লেয়াকত আলী ও কালুর নেতৃত্বে সংঘবদ্ধ হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে শর্টগান থেকে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।’ তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘বন বিভাগের জায়গা উদ্ধারে গিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অবহিত হয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’