
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিটিএ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এম তাহেরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গনী। উদ্বোধন করেন বিটিএ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস চক্রবর্তী। গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এএইচএম সৈয়দ হোসেন। স্বাগত বক্তব্য দেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
সভায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কায়সারুল আহসান, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এহছানুল হক ও কামাল উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোরশেদ আলম।
এ ছাড়া বক্তব্য দেন বিটিএ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ও গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, বিটিএ বাঁশখালী উপজেলা শাখার সহসভাপতি ও বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া, নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শাখার অর্থ সম্পাদক আলী আশরাফ খান এবং মোহাম্মদ আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের পেশাগত মর্যাদা, যথাযথ সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ঘোষিত সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে শিক্ষকসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন শিক্ষক অংশ নেন। এ সময় বিটিএর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।