
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে চুরি যাওয়ার অভিযোগ ওঠা একটি ছাগল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শীলকূপ ইউনিয়ন পরিষদে ছাগলটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া ছাগলটির মালিক নুরুল ইসলাম। তিনি উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিমপাড়া এলাকার বাসিন্দা।
নুরুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে ঘেরের মধ্যে ছাগলটি বেঁধে রাখা হয়েছিল। পরে ছাগলের কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেখেন, ছাগলটি বাঁধা অবস্থানে নেই। এরপর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা।
এদিকে, ছাগল নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শীলকূপ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ মাহমুদুল ইসলাম ও আব্দুল মালেক তাকে ছাগলসহ আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে বিষয়টি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নূরীকে জানানো হয়।
আটক ব্যক্তির পরিচয় নুর উদ্দিন। তিনি বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়াপাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে। পরে জিজ্ঞাসাবাদ ও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ছাগলটির প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর ছাগলটি মালিক নুরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নূরী বলেন, ‘ছাগলসহ একজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে পরিষদের গ্রামপুলিশ তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে তার সঙ্গে কথা বলে এবং খোঁজখবর নিয়ে ছাগলটির প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করা হয়। মালিকের পরিচয় নিশ্চিত হওয়ার পর ছাগলটি তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে পরবর্তী সময়ে স্থানীয়ভাবে তার পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।’
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগল উদ্ধারের খবর পেয়ে মালিক ও পরিবারের সদস্যরা ইউনিয়ন পরিষদে আসেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর ছাগলটি ফিরে পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।