
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরকালে বাঁশখালীতে আয়োজিত জনসমাবেশের মঞ্চ থেকে তিনি এসব পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করবেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত ১০০টি নতুন ঘর প্রধানমন্ত্রীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বাঁশখালী পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি এলাকা থেকে ১০টি করে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্বাচন করা হয়েছে। যেসব পরিবারের বন্যায় ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য নেই, তাদের অগ্রাধিকার দিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।
সরকারি অর্থায়নে নির্মিত এসব ঘর দুর্যোগ-সহনীয় নকশায় তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘরে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে। ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ থাকবে। পাশাপাশি পাঁচ ফুট বাই পাঁচ ফুট আয়তনের একটি সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।