
শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালীতে সবজি ক্ষেতের জালে আটকে পড়া সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দল। পরে সাপটিকে উপজেলার চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম চাম্বল এলাকার মুন্সিখীলের মৌলভী বাড়ির সবজি ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে জঙ্গল চাম্বল মৌজার হাজারীখোলা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে সাপটিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ জোনায়েদের সবজি ক্ষেতের জালে সাপটি আটকা পড়েছিল। খবর পেয়ে চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার করা সাপটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট এবং ওজন আড়াই কেজি।
উদ্ধার অভিযানে অংশ নেন চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মঈন উদ্দীন ও বিকাশ বড়ুয়া এবং ইআরটি সদস্য মোহাম্মদ আখতার হোসেন।
এ বিষয়ে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, ‘পদ্ম গোখরা অত্যন্ত বিষধর সাপ। তবে বন্যপ্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। লোকালয়ে বা কৃষিজমিতে কোনো বন্যপ্রাণী আটকা পড়লে সেটিকে না মেরে বন বিভাগকে খবর দেওয়া উচিত। উদ্ধার করা সাপটিকে নিরাপদ পরিবেশে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।’