
বাঁশখালী সংলাপ::: সরকারের অগ্রাধিকার কর্মসূচি ‘এক দিনে এক লাখ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সাড়ে ৬ হাজার গাছের চারা রোপণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বাঁশখালী পৌর এলাকার ডাকবাংলো সড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম, এটিএম কফিল উদ্দীন এবং ছাত্রনেতা ওসমান গনিসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।