
মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিকভাবে এসব অপরাধ প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে।
‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক ও জুয়া রুখতে হবে একসাথে’–এই আহ্বানকে সামনে রেখে আয়োজিত র্যালিটি সকাল সাড়ে ৯টায় চৌধুরী মার্কেটের সামনে থেকে শুরু হবে। পরে র্যালিটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হবে।
র্যালির মাধ্যমে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হবে।
আয়োজক সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা, বাঁশখালী, চট্টগ্রাম’-এর পক্ষ থেকে সর্বস্তরের সচেতন নাগরিকদের র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের আহ্বান, আসুন সবাই মিলে শপথ করি–মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ি। মাদক নয়, সুস্থ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্নকে বেছে নিই। সম্মিলিত সামাজিক সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হবে র্যালিতে। -প্রেসবিজ্ঞপ্তি।
