
তৌহিদ-উল বারী::: ‘সবুজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে এতিম শিশুদের নিয়ে বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার সাধনপুর এলাকার নদওয়াতুল ওলামা ইসলামাবাদ বালক-বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন।
কর্মসূচির অংশ হিসেবে এতিমখানা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। পরে এতিম শিশুদের সঙ্গে ভোজন কর্মসূচিতে অংশ নেন আয়োজক সংগঠনের সদস্যরা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের প্রতি সচেতনতা তৈরি এবং এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা ছাত্রদলের সংগঠক ওবায়দুর রহমান নেওয়াজ, কার্যকরী সদস্য মোহাম্মদ রিদুয়ান ও জসিম উদ্দিন।
এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান নেওয়াজ বলেন, ‘আজ আমরা শুধু কিছু গাছ রোপণ করিনি, বরং শিশুদের জন্য একটি সুন্দর আগামী দিনের স্বপ্ন বুনেছি। এতিম শিশুদের মুখের একটুখানি হাসিই আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।’
আয়োজকরা জানান, মানবিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
