
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালীর আয়োজনে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. আমিনুর রহমান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার, উপজেলা কর্মপরিষদ সদস্য সৈয়্যদ মর্তুজা আলী এবং বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম কফিল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। তিনি কৃষকদের বিতরণকৃত বীজ যথাযথভাবে ব্যবহার করে সময়মতো রোপণ সম্পন্ন করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধারে কৃষি বিভাগ ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতাও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপজেলার ৭ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়।