
নিজস্ব সংবাদদাতা::: বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে তিনজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত শিক্ষকেরা হলেন–চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা দাশ, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম এবং পূর্ব চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তশরীফ উল্লাহ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। বাছাই শেষে নির্বাচিত তিন শিক্ষকের নাম ও প্রয়োজনীয় তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।
বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আব্দুল হামিদ বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে গুণী শিক্ষক বাছাই করা হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আশা করি, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের আরও উৎসাহিত করবে এবং তাঁরা শিক্ষার্থীদের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের রোববার (২০ সেপ্টেম্বর)’র এক চিঠিতে বলা হয়, প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিত শিক্ষকদের নামের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৭ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের অবদান ও ভূমিকা তুলে ধরা হবে।