
পাচারকারীরা পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি
সংলাপ ডেস্ক::: চট্টগ্রামের বাঁশখালীতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৫১০ বস্তা সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানাধীন বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৫১০ বস্তা সিমেন্ট পাওয়া যায়।
জব্দ করা সিমেন্টের পরিমাণ ২৫ হাজার ৫০০ কেজি। কোস্ট গার্ডের হিসাবে এসব সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এ সময় সিমেন্টসহ ফিশিং বোটটিও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।