
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে মিজবাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় নুরুল কাদের নামে একজন জানান, গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সফর মুল্লুকের বাড়ির বাসিন্দা মো. শহিদুল্লাহর একমাত্র ছেলে মিজবাহ দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ সময় খোঁজার পর বাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় সচেতন মহল জানান, শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের পুকুরে যথাযথ নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে।
