
সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন এস এম আমিরুল মোস্তফা। এর আগে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত ছিলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করা এক সরকারি আদেশে তাঁকে বাঁশখালী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের বিষয়টি জানানো হয়। একই আদেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় আরও কয়েকজন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, এর আগে চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা মো. সাকিল উল-আলমকে চট্টগ্রাম সদর সার্কেলে বদলি করা হয়। তাঁর স্থলেই নতুন এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পাচ্ছেন এস এম আমিরুল মোস্তফা।
ভূমি ব্যবস্থাপনা, সরকারি ভূমি-সংক্রান্ত সেবা, খাসজমি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর আদায়সহ উপজেলা ভূমি অফিসের গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।