
সংলাপ সংবাদদাতা::: জনপ্রিয় অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল ‘অফলাইন বাংলাদেশ’-এর ৯ সদস্যের এডভাইজরি প্যানেল গঠন করা হয়েছে। আইন, চিকিৎসা, শিক্ষা, সাংবাদিকতা, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন পেশা ও অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এ প্যানেল গঠন করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর অফিসিয়াল প্যাডে এডভাইজরি প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হয়।
এডভাইজরি প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, ২৫০ শয্যা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. আসিফুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান সোবহান, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক, লেখক ও কলামিস্ট শিব্বির আহমেদ রানা, জুলাই ঐক্য, চট্টগ্রামের সমন্বয়ক আবরার হাসান রিয়াদ, শিক্ষক ও উদ্যোক্তা ইমরান কবির, আল ওয়াহদা মেটাল ইন্ডাস্ট্রিজ এলএলসির জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাসেল চৌধুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক এবং তরুণ রাজনীতিক ও সমাজকর্মী হাসান মোহাম্মদ জোনায়েদ রাসেল।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংবাদ প্রকাশের মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, নীতিগত বিষয়ে পরামর্শ এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এডভাইজরি প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্যানেলের সদস্যরা পরামর্শ দেবেন।
প্যানেলের সদস্যরা ‘অফলাইন বাংলাদেশ’-এর উত্তরোত্তর সফলতা কামনা করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনে তথ্যের নির্ভুলতা, ভারসাম্য এবং পেশাগত নীতিমালা অনুসরণের প্রত্যাশা ব্যক্ত করেন।
‘অফলাইন বাংলাদেশ’-এর সম্পাদক তৌহিদ-উল বারী বলেন, ‘সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিকে সামনে রেখে ‘অফলাইন বাংলাদেশ’কে একটি শক্তিশালী সংবাদ ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এডভাইজরি প্যানেলের পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে। পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি জনস্বার্থে যাচাই করা নির্ভরযোগ্য তথ্য ও সংবাদ পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। এডভাইজরি প্যানেলের অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের পেশাগত মান আরও উন্নত করতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’
‘অফলাইন বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার মুহাম্মদ মুরাদ।
কর্তৃপক্ষের প্রত্যাশা, এডভাইজরি প্যানেলের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে ‘অফলাইন বাংলাদেশ’-এর সংবাদ পরিবেশন, পেশাগত মান, নীতিগত কাঠামো এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।