
বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি ও থ্রি-হুইলার চালকদের জন্য সুনির্দিষ্ট ভাড়ার তালিকা নির্ধারণ করে গণ বিজ্ঞপ্তি জারি করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদুল আলমের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঁশখালীর সর্বস্তরের জনগণ।
দীর্ঘদিন ধরে অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ না থাকায় যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়ছিলেন। নতুন ভাড়া নির্ধারণে জনস্বার্থ রক্ষা হবে বলে মনে করছেন সচেতন মহল।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, টইটং থেকে গুনাগরী রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। টইটং-প্রেমবাজার ১০ টাকা, প্রেমবাজার-নাপোড়া ১০ টাকা, নাপোড়া-চাম্বল ১০ টাকা এবং চাম্বল-জলদি ২০ টাকা। এছাড়া জলদি থেকে গুনাগরী রুটে ভাড়া নির্ধারিত হয়েছে ২০ টাকা।
অন্যদিকে গুনাগরী থেকে মইজ্জ্যারটেক রুটে ভাড়া ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গুনাগরী-চাঁদপুর ২০ টাকা, চাঁদপুর-চাতুরী চৌমুহনী ৩০ টাকা এবং চাতুরী চৌমুহনী- মইজ্জ্যারটেক রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে সিএনজি ও থ্রি-হুইলারের ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে করে চালক ও যাত্রী উভয়ের মধ্যে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম বলেন, ‘জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। দীর্ঘদিন ধরে সিএনজি ও থ্রি-হুইলারের ভাড়া নিয়ে অভিযোগ আসছিল। তাই সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়েছে। সবাই যদি এই ভাড়া তালিকা মেনে চলে, তাহলে যাত্রী ভোগান্তি কমবে এবং পরিবহন খাতেও শৃঙ্খলা ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।’
স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও বিভিন্ন মহল ইউএনওর এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তারা জানান, এই ভাড়া নির্ধারণের ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় নিয়ন্ত্রণে আসবে এবং অহেতুক হয়রানি বন্ধ হবে।
বাঁশখালীর জনগণ ইউএনও মো. জামশেদুল আলমের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।