
বাঁশখালী সংলাপ::: শান্তি-শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। সভা পরিচালনা করেন বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন কাথারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাদশা মিয়া, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আলহাজ নুরুল কবির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, কাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জোবাইরুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুর রহমান, বিএনপি নেতা ওসমান গণি, সাদুর রশিদ, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান, কৃষকদল নেতা নেজাম উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান তারা।
সভায় ওসি মো. রবিউল হক বলেন, ‘বিট পুলিশিং হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব। মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাঁশখালী থানা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।’