বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা

বয়স্ক ভাতার প্রলোভনে জমি হেবা, বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে সরকারি বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধা মায়ের কাছ থেকে জমি হেবা দলিল করে নেওয়া এবং পরে তাকে নিজ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধা।

ভুক্তভোগী ছালেহা বেগম চৌধুরী (৮৪) উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল মুন্সিখীল চৌধুরী বাড়ির বাসিন্দা।

ছালেহা বেগম অভিযোগ করেন, ২০২১ সালের ১৩ ডিসেম্বর তার মেয়ে জামিলা আক্তার তাকে বলেন, বয়স্ক ভাতার কার্ড করে দিতে জমির কাগজ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন এবং কিছু কাগজে টিপসই দিতে হবে। মেয়ে ও জামাতার কথায় বিশ্বাস করে তিনি সাদা স্ট্যাম্প ও দলিলে টিপসই দেন। পরে তিনি জানতে পারেন, সেটি বয়স্ক ভাতার কোনো কাগজ ছিল না; বরং তার ২ গন্ডা ১ ক্রান্তি ১ তিল জমি মেয়ের নামে হেবা দলিল করে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসার কারণে দীর্ঘদিন চট্টগ্রাম শহরে ছেলের বাসায় থাকার পর গত ১৫ জুন বাড়িতে ফিরে দেখেন, তার বসতঘর ভাড়া দেওয়া হয়েছে। তিনি বাড়িতে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। পরে ছোট ছেলেকে নিয়ে খোঁজখবর করে জানতে পারেন, তার অজান্তে একটি হেবা ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না এবং বর্তমানে বাড়ির সামনের বারান্দায় মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় তিনি হেবা ঘোষণাপত্র বাতিলের দাবিতে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ (সিভিল) আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জামিলা আক্তারের স্বামী মনিরুজ্জমান। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমি বাড়িটি সংস্কার করেছি এবং শাশুড়ির দেখাশোনা করেছি। তার অন্য এক ছেলেকেও আমার নিজস্ব অর্থে থাকার জন্য ঘর করে দিয়েছি। প্রায় ছয় বছর আগে আমার শাশুড়ি স্বেচ্ছায় মেয়ের নামে ২ গন্ডা ১ ক্রান্তি ১ তিল জমি হেবা করে দেন। এখন অন্য সন্তানদের প্ররোচনায় তিনি আদালতে মামলা করেছেন। আদালত যদি হেবা দলিল বাতিল করেন, তাহলে ওই জমির ওপর আমরা আর কোনো দাবি করব না।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং বৃদ্ধা নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews