
বাঁশখালী সংলাপ::: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান। এছাড়া উপজেলা পরিষদের সি.এ. নুরুল হুদা ও পিআইও অফিসের প্রকল্প কর্মকর্তা ইঞ্জিনিয়ার লিপটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থ মানুষের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ। সরকার সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকবে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবো।’