
বাঁশখালী সংলাপ::: বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (হেড মাওলানা) আরিফ মুহাম্মদ হাসান নুর (৫২) শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছোট ছেলে ইসহাক মুহাম্মদ রাকিব।
মরহুম আরিফ মুহাম্মদ হাসান নুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ডের কাশেম বলী বাড়ির বাসিন্দা মুহাম্মদ ইদ্রিসের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে হঠাৎ তাঁর রক্তচাপ কমে গেলে দ্রুত স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে সংকটাপন্ন অবস্থায় তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি কার্ডিয়াকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
আরিফ মুহাম্মদ হাসান নুর ২০০০ সালে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শুক্রবার রাত ১০টায় পশ্চিম বড়ঘোনা রহমানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।