
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে শোকাহত তাঁর ছোট ভাইও মারা গেছেন। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন–বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন (৭৭) ও তাঁর ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)। তাঁরা মৃত ছাবের আহমদের ছেলে। শাহাবুদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাবুদ্দিন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি বলেন, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারু গভীরভাবে মর্মাহত হন।একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর রহমাননগর এলাকার নাসিরাবাদে নিজ বাসভবনে মারা যান।
একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ছবি: ট্রেন দূর্ঘটনায় নিহত শাহাবুদ্দিন (৭৭) ও শোকাহত হয়ে মৃত্যুবরণ করেন তার ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)।