
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাত থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত চলা এ অভিযানে একটি বালুভর্তি মিনি ড্যাম্পার জব্দ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পুরো এলাকায় তল্লাশি চালানো হলে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি অবৈধ বালু পরিবহনকারী মিনি ড্যাম্পার দ্রুত পালিয়ে যায়।
তবে পূর্ব পুঁইছড়ির শিয়া পাড়া এলাকায় বশিরা বাড়ি সংলগ্ন একটি বাড়ির উঠান থেকে ধাওয়া করে একটি মিনি ড্যাম্পার জব্দ করা হয়। ড্যাম্পারের চালক পালিয়ে যেতে সক্ষম হন।
জব্দকৃত মিনি ড্যাম্পারটি স্থানীয় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মো. বাবুল ও মো. দেলোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি দল অংশ নেয়। এতে এসআই বিভাস কুমার সাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানায়, পূর্ব পুঁইছড়ির পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্বিতীয় ধাপে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ব্যবহৃত ড্রেজার মেশিন সরিয়ে নিয়ে পালিয়ে যায়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) একই এলাকায় গভীর রাতে অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের আলামত পাওয়া যায় এবং এ কাজে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়।